বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ভোটকেন্দ্র দখল করে ভোট দিবেন, এটা ভুলে যান: ডিআইজি রেজাউল হক

নড়াইল প্রতিনিধি | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:০৭

ছবি: সংগৃহীত

নড়াইলে খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এক প্রশ্নের জবাবে বলেন ২০২৬ সালের নির্বাচনে ভোট কেন্দ্র দখল করা সম্ভব হবে না। এবার প্রকাশ্যে ভোট কেন্দ্র দখল করবেন আর আমরা পোশাক পরে বসে থাকবো, এটা মনে করার কোন কারণ নেই। দাস কর দিয়ে চাকরি করি না, যদি কারো মনোভাব থাকে কেন্দ্র দখল করে ভোট দিবেন, এবার তা ভুলে যান।

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন ডিআইজি।

ডিআইজি এদিন আরও বলেন, এখন পর্যন্ত নড়াইলে নির্বাচন পূর্ববর্তী আশঙ্কাজনকভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেকোনো কারণে এই জেলা কে নিয়ে একটু আতঙ্কিত থাকে। এখানে একটা বড় অংশ হিন্দু ভাই ও বোনদের বসবাস। নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের বাড়িঘরে হামলা-ভাঙচুর, সহিংসতার খবর পাওয়া যায়। তবে এবার নির্বাচন পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা প্রতিরোধে আপনারা (সাংবাদিক) সতর্ক থাকবেন, পাশাপাশি এই এলাকার শান্তিপ্রিয় ভাইরা সচেষ্ট থাকবেন। অন্যথায় আমরা এ ধরনের কোনো সহিংস ঘটনা ঘটালে তাদের কঠোরভাবে দমন করা হবে।

ডিআইজি বলেন, জেলায় পুলিশের বিভিন্ন ইউনিট থেকে নির্বাচনের দায়িত্ব পালনে সদস্যদের আনা হয়েছে। আপনাদের (সাংবাদিক) নির্বাচন কেন্দ্রে দায়িত্ব পালনের সময় কোন পুলিশ সদস্য না চিনে কোন ধরনের ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তার জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করছি। সাংবাদিক ভাইদের মাধ্যমে সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান থাকবে, নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন ইউনিট থেকে পুলিশ সদস্যদের স্ব স্ব দায়িত্ব থেকে উঠিয়ে নির্বাচনের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। নির্বাচন চলাকালীন মহাসড়কে চলাচলে এবং ব্যাংকিংয়ে লেনদেনের বিষয়ে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। প্রয়োজনে গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের সঙ্গে একটু আগেই যোগাযোগের অনুরোধ থাকবে।

এদিন নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, নড়াইল জেলার দুটি আসনের ২৫৮টি ভোট কেন্দ্র সহ জেলার নিরাপত্তা দায়িত্বে সেনাবাহিনীর ৩ টি ক্যাম্পের ৫০০ জন সদস্য, রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের দুই প্লাটুন, বিজিবি তিন প্লাটুন, পুলিশ ৮৯৬ জন, আনসার ৩ হাজার ৩৫৪ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ জন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪ জন দায়িত্ব পালন করবেন।

খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হকের মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক সহ জেলা পুলিশ সুপার মুহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুরই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ রকিবুল হাসান ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top