বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

লালমনিরহাটে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু, তিন স্তরের নিরাপত্তা জোরদার

লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৯

ছবি: সংগৃহীত

​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে জেলার তিনটি সংসদীয় আসনে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।

জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলাসহ তিনটি আসনের ভোটকেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার এবং প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এবার লালমনিরহাটের তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৪৯৬ জন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জেলাজুড়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ টহল ও যৌথ মহড়া জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান ঠেকাতে বিজিবিকে বিশেষ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

দুর্গম চরাঞ্চল ও সীমান্তঘেঁষা এলাকার ১০৬টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

সরঞ্জাম গ্রহণ করতে আসা এক প্রিজাইডিং কর্মকর্তা কামরুজ্জামান বলেন, প্রশাসনের সহায়তায় নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনিতা দাস বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর। প্রতিটি উপজেলায় নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। চরাঞ্চল ও দুর্গম এলাকার কেন্দ্রগুলোতেও বিশেষ নজরদারি রাখা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top