শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

তিন আসনে জয়, শরীয়তপুরে আনন্দে মেতে উঠলেন বিএনপি নেতাকর্মীরা

শরীয়তপুর প্রিতিনিধি | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:২৮

ছবি: নিউজফ্ল্যাশ সেভেন্টিওয়ান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনে জয় পাওয়ার পাশাপাশি সারাদেশে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রেক্ষাপটে জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, ফুলেল শুভেচ্ছা ও রং খেলার মাধ্যমে বিজয় উদযাপন করেন।

জেলার বিভিন্ন উপজেলা ও বাজারকেন্দ্রিক এলাকায় দলীয় কার্যালয় ঘিরে কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা একে অপরকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ ভাগাভাগি করেন।

নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে সকালে নির্বাচন-পরবর্তী শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে একটি দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় নেতারা কর্মীদের উদ্দেশে শৃঙ্খলা রক্ষা ও আইন মেনে চলার আহ্বান জানান। সভা শেষে নেতাকর্মীরা আনন্দ-উৎসবে অংশ নেন।

সভায় নড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি নিক্সন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল শরীফসহ ভোজেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় নেতারা দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দেশকে উন্নত ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শরীয়তপুরে উন্নয়ন কার্যক্রম জোরদার এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার আশাবাদও তুলে ধরেন তারা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top