শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

কুমিল্লায় ইঞ্জিনের ধাক্কায় বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-চাঁদপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লা প্রতিনিধি | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩৯

ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন-এ আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগির সঙ্গে ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় এক রেলকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর চট্টগ্রাম-চাঁদপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ট্রেনটি জংশনে প্রবেশের পর এ দুর্ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, ট্রেনটি রাত পৌনে ৮টায় ৫ নম্বর লাইনে প্রবেশ করে। পরবর্তী যাত্রার জন্য ইঞ্জিন সংযোগের সময় হঠাৎ সজোরে ধাক্কা লাগে। এতে একটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মামুনসহ পাঁচজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লাকসাম জংশনের ট্রেন এক্সামিনার এস এম আক্তার হোসেন বলেন, রেক সংযুক্তির সময় ইঞ্জিন নিয়ন্ত্রণ হারানোয় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকারী রিলিফ ট্রেন প্রস্তুত থাকলেও ইঞ্জিন সংকটের কারণে তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। আখাউড়া লোকোশেড থেকে বিকল্প ইঞ্জিন আনার প্রক্রিয়া চলছে।

তবে জংশনের দুটি মেইন লাইন সচল থাকায় দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কা নেই বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top