শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম-১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি অলি আহমদের

চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৫৮

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৪ আসনে ভোট গ্রহণের সময় বিকেল ৪টার পর একাধিক কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন এলডিপির সভাপতি অলি আহমদ

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন।

ভিডিও বার্তায় অলি আহমদ বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলেও বিকেল সাড়ে ৪টার পর কয়েকটি কেন্দ্রে গুরুতর অনিয়ম ঘটে। বিশেষ করে হাশিমপুর তরুণ সংঘ স্কুল, হাশিমপুর বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দোহাজারী আবদুর রহমান উচ্চবিদ্যালয়ে অপরিচিত কয়েকশ’ লোক জোরপূর্বক প্রবেশ করে ব্যালট বাক্সে ভোট ঢুকিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ আসনে এলডিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তার ছেলে ওমর ফারুক। নির্বাচনে তিনি অল্প ব্যবধানে পরাজিত হন। নির্বাচনে মোট আটজন প্রার্থী অংশ নেন। এর মধ্যে বিএনপির প্রার্থী জসীম উদ্দিন আহমেদ ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পান ৭৫ হাজার ৪৬৭ ভোট।

অলি আহমদ আরও অভিযোগ করেন, বিকেল আড়াইটা থেকে তিনটার পর তাদের নেতাকর্মীদের বিভিন্ন কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একতরফাভাবে দায়িত্ব পালন করেছেন বলেও দাবি করেন তিনি।

তার ভাষ্যমতে, ওমর ফারুকের প্রায় সাড়ে চার হাজার ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। তবে এ বিষয়ে প্রার্থীর এজেন্টদের কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

অলি আহমদ বলেন, “পরিকল্পিতভাবে ওমর ফারুককে পরাজিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরও দাবি করেন, প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেয়নি এবং পরবর্তীতে তার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাতেও নীরব থেকেছে।

এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top