রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ভোট শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন মানুষ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে টানা তিন দিনের সরকারি ছুটিতে লাখো মানুষ রাজধানী ঢাকা ছেড়ে নিজ নিজ এলাকায় গিয়েছিলেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ছুটি শেষ হওয়ায় অফিস-আদালত খুলে গেছে। ফলে জীবিকার তাগিদে আবারও রাজধানীমুখী হতে শুরু করেছেন ঘরমুখো মানুষেরা।

শনিবার সরেজমিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, দূরপাল্লার বাসগুলো একে একে যাত্রীবোঝাই হয়ে ঢাকায় ফিরছে। ফেরিঘাটগুলোতে কোথাও কোথাও সামান্য বিলম্ব হলেও অধিকাংশ বাসই নির্ধারিত সময়ের কাছাকাছি সময়ে রাজধানীতে পৌঁছাচ্ছে।

ঝিনাইদহ থেকে আগত যাত্রী মো. কাউসার জানান, ছুটি শুরুর আগের দিন রাতেই তিনি বাড়ি ফিরেছিলেন। তিনি বলেন, “ভোট দিয়েছি, পরিবারকে সময় দিয়েছি। আজ থেকেই অফিস শুরু, তাই ঢাকায় ফিরে এসেছি।”

মাগুরা থেকে আসা যাত্রী জাকির হোসেন বলেন, “যাওয়ার সময় একটু ভোগান্তি হলেও ফেরার পথে তেমন সমস্যা হয়নি। এবারের ছুটির অভিজ্ঞতা মোটের ওপর বেশ ভালো।”

পরিবহন সংশ্লিষ্টরা জানান, শনিবার সকাল থেকেই ঢাকামুখী প্রায় সব বাস যাত্রীতে পূর্ণ হয়ে ফিরছে। তবে ঢাকাছাড়া যাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম।

ঢাকা-কুষ্টিয়াগামী শুভ বসুন্ধরা পরিবহন-এর কাউন্টার ম্যানেজার অর্জুন বলেন, “সকাল থেকেই প্রতিটি বাস যাত্রী ভর্তি হয়ে ঢাকায় ফিরছে। সারাদিনই এ অবস্থা থাকবে। তবে আজ বাড়িমুখী যাত্রীর সংখ্যা কম।”

হানিফ পরিবহন-এর কাউন্টার ম্যানেজার আলামিন জানান, “সকাল থেকে আমাদের ছয়টি বাস যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে। মহাসড়কে তেমন যানজট নেই, তাই যাত্রীরা স্বস্তিতেই ফিরছেন।”

এদিকে শ্যামলী পরিবহন-এর কাউন্টার কর্মী ইলিয়াস বলেন, “আজ অনেক মানুষ ঢাকায় ফিরছেন। তবে আগামীকাল এই সংখ্যা আরও বাড়বে। কারণ রোববার থেকে পুরোদমে অফিস কার্যক্রম শুরু হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top