ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির বাবা, এলাকায় চাঞ্চল্য
ঝালকাঠি প্রতিনিধি | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১৬
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নেশাগ্রস্ত ছেলেকে কুপিয়ে হত্যা করার পর তার বাবা থানায় আত্মসমর্পণ করেছেন। ঘটনার সংবাদ জানার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঘটনার দায় স্বীকার করে অভিযুক্ত ব্যক্তি বারেক খান থানায় হাজির হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে শনিবার রাতের দিকে মেহেদী হাসান মাসুম (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়। অভিযোগ, তার বাবা বারেক খান ঘুমের মধ্যে ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর তিনি নিজেই থানায় হাজির হন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, মেহেদী হাসান মাসুম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বিষয়টি নিয়ে পরিবারে প্রায়ই বিরোধ চলত। তবে ঠিক কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা পুলিশ তদন্ত শেষে নিশ্চিত করবে।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেটি ঘুমিয়ে পড়ার পর তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।”
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পাশাপাশি নানা আলোচনা শুরু হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।