দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বামীর নিষেধাজ্ঞা অমান্য করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে এক গৃহবধূকে তালাক দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেখটোলা তর্তিপুর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধূর নাম তারাফুল খাতুন। তিনি স্থানীয় বিএনপি কর্মী সৈবুর রহমানের স্ত্রী। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তালাকের ঘটনায় সন্তানদের নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারাফুল খাতুন।
ভুক্তভোগী তারাফুল খাতুন এশিয়া পোস্টকে জানান, “আমার স্বামী বিএনপি করেন। ভোটের দিন ভোটকেন্দ্রে যাওয়ার সময় তিনি আমাকে বলেন ‘সব ঠিক থাকে যেন’। কিন্তু আমি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি। আগেও আমি জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছি, যা আমার স্বামী জানতেন। পরে লোকজনের কথা শুনে তিনি আমাকে তালাক দেন।
তারাফুল খাতুনের ছেলে তারিফ হোসেন বলেন, “এখন আমরা ফুপুর বাড়িতে আছি। মা-কে তালাক দেওয়ার পর বাবা আমার সঙ্গে যোগাযোগ করে নিজের ভুল স্বীকার করেছেন। তবে মা আর বাবার সংসারে ফিরতে চান না।
অভিযোগের বিষয়ে সৈবুর রহমান বলেন, “রাগের মাথায় ভুল করে তালাক দিয়ে ফেলেছি। এখন স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করছি।”
এ বিষয়ে জামায়াতে ইসলামীর শিবগঞ্জ পৌর নায়েবে আমির আব্দুল আজিজ মাহমুদ এশিয়া পোস্টকে বলেন, “দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে তারাফুল খাতুনকে তালাক দেওয়া হয়েছে। দল তার সব ধরনের প্রয়োজনে পাশে থাকবে।”
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার শিবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন বলেন, “ভোট দেওয়া নাগরিকের মৌলিক গণতান্ত্রিক অধিকার। ভোটকে কেন্দ্র করে স্ত্রীকে তালাক দেওয়া একটি স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।