প্রভাবশালীর বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ পরিবারের
বাঁশখালী উপজেলাতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৫৩
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকায় ফাতেমা বেগম (২০) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ছনুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এরফানের মেয়ে।
নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি নেজাম উদ্দিন প্রায় এক বছর আগে ফাতেমাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই ঘটনায় ফাতেমা গর্ভবতী হয়ে পড়লে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়। গত ২৭ জানুয়ারি তিনি একটি সন্তানের জন্ম দেন।
পরিবারের সদস্যরা জানান, মামলা প্রত্যাহারের জন্য দীর্ঘদিন ধরে ফাতেমা ও তার পরিবারকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। পাশাপাশি সামাজিকভাবে একঘরে করে রাখার অভিযোগও রয়েছে। এসব মানসিক চাপ ও সামাজিক নিপীড়নের কারণেই ফাতেমা আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পরিবার।
অভিযুক্ত নেজাম উদ্দিন ছনুয়া ইউনিয়নের চেমটখালী এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম ছরওয়ার জানান, ঘটনাটি অপমৃত্যু মামলা হিসেবে রেকর্ড করা হচ্ছে। নবজাতকের ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলমান রয়েছে এবং পূর্বের ধর্ষণ মামলাটি বর্তমানে পিআইবি তদন্তাধীন। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।