রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

লক্ষ্মীপুরের রামগতিতে

হিংসতা, চাঁদাবাজি ও অস্ত্র মহড়ার অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০৭

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী অতিউৎসাহী আচরণের কারণে লক্ষ্মীপুরের রামগতিতে ম্কিনছু নেতাকর্মী দলীয় নির্দেশনা অমান্য করে সহিংসতা, চাঁদাবাজি ও দেশীয় অস্ত্র মহড়ায় লিপ্ত হওয়ায় ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রামগতি থানায় করা হয়। পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে।

লক্ষ্মীপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, “আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোনো নেতাকর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারবে না। অপরাধীর পরিচয় যাই হোক, আইন নিজস্ব গতিতে চলবে। আমি নিজেই ভুক্তভোগীদের পক্ষে মামলা করার নির্দেশ দিয়েছি। রামগতি ও কমলনগরের সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে, দল বা সহযোগী সংগঠনের কেউ অপরাধ করলে আমরা কাউকেই ছাড় দেব না।”

এজাহার অনুযায়ী, গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি রামগতির চর পোড়াগাছা, রামদয়াল বাজার ও আলেকজান্ডার ইউনিয়নের বালুর চর সুজনগ্রাম এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং বিভিন্ন ব্যবসায়ী ও ইটভাটা মালিকদের মোটা অঙ্কের চাঁদা দাবি করে।

প্রতারণার ঘটনার উদাহরণ চর পোড়াগাছা ইউনিয়নের ছিদ্দিক উল্লাহর ইটভাটায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয় এবং মালিককে হত্যার হুমকি দেওয়া হয়। রামদয়াল বাজারে ব্যবসায়ী মনিরের দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়। চর আলগী ইউনিয়নে ছাত্রদলের নেতৃত্বে ২০–২৫ জনের একটি গ্রুপ অস্ত্র মহড়া প্রদর্শন করে এবং বাজারে ভাঙচুর চালায়।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন: হাজী বেলাল উদ্দিন (চর রমিজ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক), শাহরিয়ার হান্নান (উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি), সুমন উদ্দিন (ইউপি মেম্বার), মিরাজ হোসেন (চর রমিজ ইউনিয়ন বিএনপি সভাপতি), আবুল কালাম (চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক) সহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২৬ নেতাকর্মী।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, মামলার পর অভিযান চালিয়ে মিরাজ ও রিয়াজ নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top