রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

খুলনায় ভোট হারে ক্ষোভে কৃষক কেটে ফেললেন নিজের ফলের গাছ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:১২

ছবি: সংগৃহীত

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে প্রার্থী দাঁড়িপাল্লার পরাজয়কে ঘিরে রাগে-ক্ষোভে নিজের ফলদ ও সবজি ক্ষেতের গাছ কেটে ফেলেছেন কৃষক জিন্নাত আলী বিশ্বাস। ঘটনাটি ঘটেছে খুলনার খর্নিয়া ইউনিয়নের রানাই গ্রামে শুক্রবার বিকেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিন্নাত আলী বিশ্বাস লেখাপড়া না জানা একজন সরল-সরল যুবক। তার পরিবার ও প্রতিবেশীর মধ্যে বিএনপির সমর্থক প্রাধান্য, তবে জিন্নাত দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামের প্রতি আনুগত্য দেখিয়ে দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে আসতেন। ১২ ফেব্রুয়ারি রাতে তিনি জানতে পারেন দাঁড়িপাল্লা প্রার্থী হেরে গেছে।

রাগে-ক্ষোভে তিনি তার বাড়ির আঙিনার ৭টি আমগাছ, ২টি পেয়ারা, ১টি লিচু, ৬টি সুপারি এবং ৬৫টি লাউগাছের গোড়া কেটে ফেলেন।

জিন্নাত আলী বিশ্বাস জানিয়েছেন, “মন খারাপ করে শখের ফলন্ত বৃক্ষ ও লাউগাছের গোড়াগুলো কেটে ফেলা ঠিক হয়নি। এখন বুঝেছি, দাঁড়িপাল্লার সঙ্গে সরাসরি ‘আল্লাহ’ যুক্ত আছে এমন কথাগুলো মিথ্যা ছিল। জীবনে আর কখনও তাদের কথা শুনব না।”

তার স্ত্রী নাজমা বেগম বলেন, “জিন্নাত খুবই সহজ-সরল এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। হয়তো ক্ষোভে এমন কাজ করেছেন। এখন তিনি অনুতপ্ত।”

স্থানীয় ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম মন্তব্য করেন, “জিন্নাতের পরিবারের অন্য সদস্যরা বিএনপির সমর্থক। হঠাৎ শুনলাম, তিনি জামায়াতকে সমর্থন দিয়েছেন। দাঁড়িপাল্লার হারের কষ্টে হয়তো এমন ঘটনা ঘটিয়েছেন।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top