গোপালগঞ্জে জামানত হারিয়েছেন ১৯ প্রার্থী
গোপালগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে অংশ নিয়ে জামানত হারিয়েছেন ১৯ জন প্রার্থী। তাদের মধ্যে বিএনপির দুই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট প্রাপ্ত ভোটের কমপক্ষে ১২ দশমিক ৫ শতাংশ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এবার গোপালগঞ্জ-১, গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩—এই তিন আসনে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী জামানত রক্ষা করতে পারেননি।
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী একাংশ) আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৯৮ হাজার ৪৪৭টি। বৈধ ভোট ছিল ১ লাখ ৯১ হাজার ৯৭৯ এবং বাতিল ভোট ৬ হাজার ৪৬৮টি, যা মোট ভোটের ৪৯ দশমিক ৬৭ শতাংশ। এ আসনে সর্বনিম্ন ৩৪৯ ভোট পেয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রার্থী নিরদ বরণ মজুমদার। জাতীয় পার্টি প্রার্থী সুলতান জামান খান পেয়েছেন ৬২১ ভোট। এছাড়া কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হাজারের ঘরে ভোট পেলেও কেউ জামানত রক্ষা করতে পারেননি।
গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানী একাংশ) আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৫টি। বৈধ ভোট ছিল ১ লাখ ৪৮ হাজার ৬২১ এবং বাতিল ৪ হাজার ৪৬৪টি, যা ৩৯ দশমিক ৮৩ শতাংশ। এখানে সর্বনিম্ন ২১৫ ভোট পেয়েছেন গণফোরাম প্রার্থী শাহ মফিজ। গণঅধিকার পরিষদ প্রার্থী দীন মোহাম্মদ পেয়েছেন ৩০৫ ভোট। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম. সিরাজুল ইসলাম সিরাজ পেয়েছেন ২ হাজার ৮১৯ ভোট, যা জামানত রক্ষার জন্য যথেষ্ট হয়নি।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি। বৈধ ভোট ছিল ১ লাখ ১ লাখ ৩২ হাজার ৪৬৫ এবং বাতিল ৪ হাজার ২০টি, যা মোট ভোটের ৪৪ দশমিক ২০ শতাংশ। এখানে সর্বনিম্ন ২৬৯ ভোট পেয়েছেন গণফোরাম প্রার্থী দুলাল চন্দ্র বিশ্বাস। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান পেয়েছেন ৩ হাজার ৮০৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. মারুফ শেখ পেয়েছেন ৪ হাজার ৭১৭ ভোট— তিনিও জামানত হারিয়েছেন।
তবে তিনটি আসন থেকেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। পাশাপাশি ১১ দলীয় জোটের তিনজন, গণঅধিকার পরিষদের একজন, বিএনপির এক বিদ্রোহী প্রার্থী, আওয়ামী লীগের এক বহিষ্কৃত প্রার্থী ও দুই স্বতন্ত্র প্রার্থী জামানত রক্ষা করতে সক্ষম হয়েছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।