সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

দুই ঘন্টা পর ভাঙচুর

খুলনায় দীর্ঘ দেড় বছর পর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য

খুলনা প্রতিনিধি: | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:২২

ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড় বছরের অধিক সময় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিনদিন পর খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা রবিবার বিকেল ৫টার পর দলীয় কার্যালয়ে প্রবেশ করেছে।

নগরীর যশোর লোহার রোডের কার্যালয়ের নিচতলার কলাপসিবল গেট খুলে তারা দুইতলায় গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং কার্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করেন।

প্রত্যক্ষদর্শী ও আশপাশের ব্যবসায়ীরা জানান, বিকালে হঠাৎ ৭-৮ জন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী নগরীর শহিদ হাদিস পার্ক সংলগ্ন (শঙ্ক মার্কেট) মহানগর ও জেলা কার্যালয়ে যান।

নেতাকর্মীদের মধ্যে একজন, জাহাঙ্গীর হোসেন, নিজেকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে বলেন,

"রাজনীতি করার অধিকার সকলেরই আছে। আমরা নতুন সরকারকে বলতে চাই—আমরা সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। আশা করি আমাদের রাজনীতি করার অধিকার ফিরে পাবো।"

এ ঘটনায় খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন,

"ঘটনাটি আমরা জেনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

কিন্তু ঘটনার খবর জানাজানি হওয়ার প্রায় আড়াই ঘন্টা পর সাড়ে সাতটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর চালায়। তারা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি পুড়িয়ে ফেলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়টি বিক্ষুব্ধ ছাত্র-জনতার হাতে দগ্ধ হয়। এরপর থেকে সেটি বন্ধ ছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top