ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮
ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে একটি চোরাই ট্রাকের খণ্ডাংশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জেলার সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রাম থেকে ট্রাকটির খণ্ডাংশ উদ্ধার করা হয়।
এ ঘটনার প্রেক্ষিতে সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ও একই গ্রামের গুনধনের বাড়ির আবদুর রবের ছেলে ইমাম হোসেন প্রবীর-কে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের কথা জানানো হয়।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে ট্রাকটি চুরি হয় বলে পুলিশ জানিয়েছে। ট্রাকটির মালিক উত্তর পতেঙ্গা স্ট্র্যান্ড রিফাইনারি হাদি পাড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. হারুন। এ ঘটনায় তিনি ১৫ ফেব্রুয়ারি স্থানীয় ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে রোববার (১৬ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড ও সোনাগাজী মডেল থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মোখলেস সারেং বাড়ির মৃত মাঈন উদ্দিন ফারুকের ছেলে মো. ইউনুস ওরফে ডালিম (৪০) কে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ডালিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুরে স্থানীয় উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের নিজ বাড়ি থেকে চোরাই ট্রাকটির খণ্ডাংশ উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. সফিকুর রহমান দৈনিক আমার দেশ-কে বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ট্রাকের খণ্ডাংশ ও চোরাই কাজে সহযোগিতাকারী গ্রেপ্তারকৃত ডালিমকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।