ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি
কক্সবাজার প্রতিনিধি | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- শাহ আলম (২০), আবুল হোসেন, মো. আব্বাস (৪০), আব্দুল সাহেদ (১৮) ও মো. ইউনুস (৪০)। তারা সবাই শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।
ট্রলার মালিক মোহাম্মদ উল্লাহ জানান, সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার পর তার ট্রলারটি পাঁচ জেলেসহ ঘাটে ফিরছিল। রাতে নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছে তারা ট্রলার নোঙর করে অবস্থান নেন। এ সময় হঠাৎ স্পিডবোটে এসে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায়।
এ ঘটনায় জেলেদের পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
এ বিষয়ে চট্টগ্রাম জোনের কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আকিব জানান, পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তারা জেনেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জেলেদের দ্রুত ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।