কুড়িগ্রামে
সম্পত্তি বিরোধে আটকা পড়ল বাবার দাফন, ১২ ঘণ্টা খাটিয়ায় পড়ে রইল মরদেহ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২
জীবদ্দশায় দ্বিতীয় স্ত্রীর সন্তানদের নামে সম্পত্তি লিখে দেয়ার অভিযোগে বাবার মরদেহ দাফনে বাধা দিয়েছেন বড় ছেলে। এর ফলে ৯০ বছর বয়সী আজিজার রহমানের দেহ দীর্ঘ ১২ ঘণ্টা বাড়ির উঠানে খাটিয়ায় পড়ে থাকল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজার রহমান বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়িতে মারা যান। নিয়ম অনুযায়ী পরদিন সকাল ১১টায় দাফনের ঘোষণা করা হয়। স্বজন ও প্রতিবেশীরা প্রস্তুতি নিয়ে জানাজায় অংশ নিতে আসলেও বড় ছেলে আব্দুল হাকিম (৫৫) দাফনে বাধা দেন।
আব্দুল হাকিম দাবি করেছেন, তার বাবা জীবদ্দশায় দ্বিতীয় স্ত্রীর সন্তান রফিকুল ইসলাম ও আকলিমার নামে গোপনে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছেন। এই বিষয়টি নিয়ে বিরোধ চলছিল। তাই দাফনে বাধা দেওয়া হয়।
প্রতিবেশীরা বলেন, “উনি বেঁচে থাকাকালীন সুরাহা করা যেতো, তাহলে এমন ঘটনা ঘটত না।”
সালিস বৈঠক হলেও কোনও সমাধান হয়নি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মধ্যরাত পর্যন্ত দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু রাত সাড়ে ১০টা পর্যন্ত সমাধান না হওয়ায় বৃদ্ধের দেহ অন্ধকার উঠানে খাটিয়ায় পড়ে ছিল।
নাগেশ্বরী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ হয়নি, তবে লোকমুখে বিষয়টি তারা শুনেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।