চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী চারটি ওয়াগন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৬
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন-এ খুলনা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে রহনপুর–রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে আমনুরা জংশনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, আমনুরা জংশন এলাকায় অবস্থিত ৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য তেল পরিবহন করছিল ট্রেনটি। বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশের কয়েকশ গজ দূরেই তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রহনপুর–রাজশাহী রুটে চলাচলকারী তিনটি ট্রেন আটকা পড়ে।
লাইনচ্যুত ট্রেন উদ্ধারে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।
আমনুরা জংশন রেলওয়ের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। ইতোমধ্যে ওয়াগন উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ চলছে।”
রেলওয়ের কর্মকর্তারা জানান, এর আগেও একই স্থানে একাধিকবার ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।