গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন
গাজীপুর প্রতিনিধি | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০৮
গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় এক পুলিশ কর্মকর্তা ট্রেনে কাটা পড়ে হাত-পা বিচ্ছিন্ন হওয়ার ভয়াবহ ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহত মোঃ হাবিবকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মোঃ হাবিব (৪০) গাজীপুর জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইনে ঢাকাগামী চাপাই এক্সপ্রেস ট্রেন প্রবেশ করছিল। এ সময় মোবাইল ফোনে কথা বলার সময় রেললাইন পার হওয়ার চেষ্টা করতে গিয়ে তিনি অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে যান। এতে তার ডান হাত ও ডান পা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলি বলেন, মোঃ হাবিব সকালে গাজীপুর শহরে পুলিশ সুপারের কার্যালয়ে অফিসের কাজ শেষে পুলিশ লাইনে ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। পরে রেলওয়ে পুলিশের সহযোগিতায় তাকে দ্রুত গাজীপুর তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।