ডিবি পরিচয়ে প্রবাস ফেরত শফিউলের স্বর্ণ-মোবাইল ছিনতাই; বিশেষ অভিযানে স্বর্ণ সহ ২ জন আটক
জোবায়ের হোসেন | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৫৬
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি (দক্ষিণ) বিভাগের বিশেষ অভিযানে প্রবাসীর কাছ থেকে ছিনতাইকৃত স্বর্ণালংকারের একটি অংশ ও স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (১৯ফেব্রুয়ারী) সকালে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকা থেকে আসামীদের গ্রেফতার করা হয়।
মামলার বাদী শফিউল আলম (৩৮) গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৮টা ৩৫ মিনিটে দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন। সকাল ৯টা ৫০ মিনিটে বিমানবন্দর থেকে ভাড়া গাড়িযোগে বায়েজিদ বোস্তামী থানাধীন নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
তার সঙ্গে ছিল ৪টি স্বর্ণের নেকলেস, ১০টি আংটি, ২টি বালা ও ৩টি চেইনসহ মোট ১০০ গ্রাম স্বর্ণ (আনুমানিক মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা), একটি Samsung Galaxy S25 Ultra, একটি Google Pixel 6, একটি iPhone 15 Pro, একটি Vivo Y16 মোবাইল ফোন, ৩ হাজার ৫০০ দুবাই দিরহাম (প্রায় ১ লাখ ১৯ হাজার টাকা), নগদ ১৩ হাজার টাকা, একটি ল্যাপটপ ও অন্যান্য মালামাল—সব মিলিয়ে কয়েক লাখ টাকার সম্পদ।
সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে খুলশী থানাধীন টাইগারপাস থেকে লালখান বাজারমুখী ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে (ফ্লাইওভার)-এ পৌঁছালে একটি নোহা গাড়ি তার গাড়ির গতিরোধ করে। নোহা থেকে নামা চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওয়াকিটকি হাতে জোরপূর্বক তার মালামাল ছিনিয়ে নেয়।
এ ঘটনায় একইদিন বাদী শফিউল আলমের খুলশী থানায় লিখিত অভিযোগে মামলা রুজু হয়। থানা পুলিশের পাশাপাশি ডিবি (দক্ষিণ) বিভাগ ছায়া তদন্ত শুরু করে।
ডিবি (দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক (নিঃ) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি সকাল ১১টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানাধীন কাজির দেউরি এলাকা থেকে মো. সোহেল ওরফে সোহেল রানা (৪০)কে গ্রেফতার করে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর ইছাপুর বাজারের আমিন মার্কেটে অবস্থিত আমানত শাহ জুয়েলার্স-এ অভিযান চালিয়ে ছিনতাইকৃত স্বর্ণ ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত উত্তম চৌধুরী ওরফে রবি চৌধুরী (৪০)কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উত্তম চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী হাটহাজারী বাজারের এসএম শপিং সেন্টারে অবস্থিত বন্ধু সুন্দর জুয়েলার্স থেকে ছিনতাইকৃত ৬৯.৩৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সোহেল রানা জানান, তিনি ও তার সহযোগীরা প্রবাসীদের টার্গেট করে ডিবি পরিচয়ে স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ছিনতাই করতেন। পরে এসব স্বর্ণ উত্তম চৌধুরীর মাধ্যমে বিক্রি করা হতো।
পুলিশ জানায়, সোহেল রানার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইসহ তিনটি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।