চর রাজিবপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
রফিকুল ইসলাম | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৪
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।" এই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় পালিত হলো অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশের প্রথম প্রহরে চর রাজিবপুর উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ভরে ওঠে শহিদ বেদীর চারপাশ।
রাত ১২টা ১ মিনিটের আগে থেকেই কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এর পর উপজেলা পরিষদ, রাজিবপুর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি রাজিবপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও শ্রদ্ধা নিবেদন করেন। খালি পায়ে হেঁটে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ গান গেয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে আয়োজন করা হয় আলোচনা সভা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে সাধারণ মানুষের পদচারণায়। এদিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।