আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লালমনিরহাটে প্রশাসনিক ব্যর্থতা: মন্ত্রীর জন্য ছিল না ফুলের ডালা
জুবাইর আহমেদ খান রোহান | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৫
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু চরম প্রশাসনিক অব্যবস্থাপনার মুখোমুখি হন। জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আগাম প্রস্তুতি বা ফুলের ডালার ব্যবস্থা না থাকায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টার পর মন্ত্রী শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন। নিয়ম অনুযায়ী শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে মন্ত্রীর নাম ঘোষণা করা হলে দেখা যায়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে কোনো ফুলের ডালা রাখা হয়নি। পরিস্থিতি বুঝে মন্ত্রী নিজেই জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারকে বিষয়টি অবহিত করেন। পরে তড়িঘড়ি করে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ফুলের ডালা সরবরাহ করা হয় এবং মন্ত্রী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষাশহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তবে সরকারি সফরসূচিতে মন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকলেও, জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আগাম প্রস্তুতি রাখা হয়নি। রাষ্ট্রীয় প্রটোকলের দায়িত্ব পূরণে এ ধরনের উদাসীনতা প্রশাসনিক ব্যর্থতার পরিচায়ক বলে অভিহিত হয়েছে।
এ ঘটনায় উপস্থিত বিএনপির স্থানীয় শীর্ষ নেতাকর্মী ও সমর্থকরা জেলা প্রশাসনের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, এটি কেবল প্রটোকলের অবমাননা নয়, বরং ভাষাশহীদদের প্রতি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার ক্ষেত্রে প্রশাসনের চরম দায়িত্বহীনতা। পরে মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ ও দলীয় ব্যবস্থাপনায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার সংবাদদাতার সঙ্গে আলাপে বলেন, ‘মন্ত্রী হচ্ছেন সরকার, তাই জেলা প্রশাসনের পক্ষ থেকেই ফুল দেওয়া হয়েছে।’ তবে প্রটোকল অনুযায়ী পৃথক ব্যবস্থা না থাকার বিষয়ে তিনি কোনো সরাসরি উত্তর দেননি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।