একুশের প্রথম প্রহরে চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
জোবায়ের হোসেন | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫৬
অমর একুশে ফেব্রুয়ারি—মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে এদিন জাতি শ্রদ্ধা ও শপথে উদ্যাপন করছে মহান একুশে।
এবারের একুশে ফেব্রুয়ারি কেবল ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণেই নয়, বরং ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন এবং ২০২৪ সালে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামসহ এ যাবতকালের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ ও মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার শপথের দিন হিসেবে পালিত হচ্ছে।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় চট্টগ্রাম সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)সহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।
ফুলে ফুলে ভরে ওঠে বায়ান্নর ভাষা শহীদদের বেদী। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাতভর শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। একুশের প্রথম প্রহরেই চট্টগ্রাম হয়ে ওঠে শ্রদ্ধা, ভালোবাসা ও শপথের এক আবেগঘন প্রাঙ্গণ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।