চট্টগ্রামে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১৬

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫৭

চট্টগ্রামে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১৬।  ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করছেন দুই দলের নেতারা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ফাজিল খাঁর হাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সংঘর্ষে উপজেলা যুবদলের সদস্য শাহেদুল আলম টিটু, বড়উঠান ইউনিয়ন কৃষকদলের সদস্য মঞ্জুর আলম এবং ছাত্রদল নেতা মো. ইমনসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম ফারুক হোসেন অভিযোগ করে বলেন,
“নির্বাচনের দিন হিন্দুপাড়ার ভোটারদের নিয়ে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী দৌলতপুর জামে মসজিদে নামাজ আদায় করতে গেলে জামায়াতের যুব সংগঠনের সেক্রেটারির নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।”

অন্যদিকে কর্ণফুলী জামায়াতে ইসলামীর আমীর মনির আবছার চৌধুরী অভিযোগ করে বলেন,
“শুক্রবার সন্ধ্যা থেকে স্থানীয় বিএনপি ও মাদক ব্যবসায়ীদের মাধ্যমে জামায়াত কর্মীদের বাড়িতে দফায় দফায় হামলা চালানো হয়। বিষয়টি মীমাংসার জন্য ফাজিল খাঁর হাট বাজারে গেলে স্বেচ্ছাসেবক দল নেতা টিটুর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় এবং কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।”

জামায়াতের দাবি অনুযায়ী, সংঘর্ষে দলটির আলমগীর, এনাম ও মামুনসহ ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলম বলেন,
“ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top