মাঠে গিয়ে এমপি হারুনের হুঁশিয়ারি
পেঁয়াজ ক্ষেতে দুর্বৃত্তের হানা
রাজবাড়ী প্রতিনিধি | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২
রাজবাড়ীর পাংশা উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামে দুই কৃষকের পেঁয়াজ ক্ষেত কেটে নষ্ট করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৩০ শতাংশ জমির হালি পেঁয়াজ ক্ষেত।
ঘটনাটি জানাজানি হলে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শনে যান রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে দ্রুত দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাসও প্রদান করেন।
এমপি হারুন-অর-রশিদ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। এখন থেকে রাজবাড়ী-২ আসনে কোনো ধরনের দুর্বৃত্তায়নের জায়গা থাকবে না।”
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি রাতে পাংশার মেঘনা খামারপাড়া গ্রামে কৃষক মো. বাবুল মোল্লা ও মো. মমিন মোল্লার পেঁয়াজ ক্ষেত কেটে সম্পূর্ণ নষ্ট করে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, মঙ্গলবার দিবাগত রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাদের পেঁয়াজ ক্ষেত কেটে দেয়। এতে তাদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।