রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

পাঁচ টাকার বিরোধে বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ছোট ভাইয়ের

লক্ষ্মীপুর প্রতিনিধি | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১

পাঁচ টাকার বিরোধে বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ছোট ভাইয়ের।  ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পাঁচ টাকার বিদ্যুৎ বিলের বিরোধে বড় ভাইয়ের মারধরে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতেই উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে আসেন তিনি।

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, শ্বশুরবাড়ির একটি বৈদ্যুতিক মিটার আলমগীর ও তার বড় ভাই খোরশেদ আলম যৌথভাবে ব্যবহার করতেন। তারা মাসিক বিদ্যুৎ বিলের টাকা ভাগাভাগি করে পরিশোধ করতেন। চলতি মাসের বিল পরিশোধের সময় আলমগীর ৫ টাকা কম দিয়েছেন বলে অভিযোগ করেন খোরশেদ।

শনিবার সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে এই বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক হয়। পরে খোরশেদ ও তার কয়েকজন সঙ্গী আলমগীরকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “বিদ্যুৎ বিল নিয়ে দুই ভাইয়ের প্রথমে বাড়িতে কথাকাটাকাটি হয়। দোকানে গেলে সেখানে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে খোরশেদ ঘটনাস্থল ত্যাগ করেন, কিন্তু আলমগীর দোকানে বসে থাকেন। পাঁচ মিনিট পর তিনি বসা অবস্থায় থেকে ঢলে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবার এখনও লিখিত অভিযোগ দেয়নি। তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top