সীমান্তে বিশেষ অভিযান: ১৫ বিজিবির হাতে ভারতীয় ইয়াবা ও জিরা জব্দ
জুবাইর আহমেদ খান রোহান | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১০
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও জিরা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গংগারহাট ও দিঘলটারী বিওপির দুটি টহলদল পৃথক সময়ে বিশেষ অভিযান পরিচালনা করে।
গত ২১ ফেব্রুয়ারি রাত ৮টা ৪৫ মিনিটে গংগারহাট বিওপির আওতাধীন ফুলবাড়ী থানা-এর আব্দুল্লাহপুর এলাকায় এবং ২০ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে দিঘলটারী বিওপির আওতাধীন আদিতমারী থানা-র ডিগ্রীর চরে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ১ হাজার ৩৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোট ২৯ কেজি জিরা জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, ইয়াবার সিজার মূল্য: ৪ লাখ ৫ হাজার টাকা, জিরার মূল্য: ২৯ হাজার টাকা, সর্বমোট সিজার মূল্য: ৪ লাখ ৩৪ হাজার টাকা
তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।