রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

বিএনপি নেতার মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কারাগারে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০৭

বিএনপি নেতার মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কারাগারেG ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দায়ের করা একটি মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রাজারহাট আমলি আদালতের বিচারক মো. মমতাজুল করিম এ আদেশ দেন।

কারাগারে পাঠানো ওই নেতার নাম হাসান জিহাদী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক। তার বাড়ি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামে। তিনি রাজিকুল ইসলামের ছেলে।

মামলার অভিযোগে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৪ ফেব্রুয়ারি রাতে হাসান জিহাদী ও তার সমর্থকেরা ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলামের বাড়িতে হামলা চালান। এ সময় বসতবাড়ির টিনের বেড়া ভাঙচুরের পাশাপাশি নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগও করা হয়। ঘটনার পর শহিদুল ইসলাম রাজারহাট থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে।

তবে অভিযোগটি অস্বীকার করেছেন হাসান জিহাদীর সমর্থকেরা। তাদের দাবি, ঘটনার রাতে শহিদুল ইসলাম ও তার লোকজন উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন, যা এলাকাবাসীর জন্য বিরক্তিকর হয়ে ওঠে। বিষয়টি নিয়ে আপত্তি জানাতে গেলে উল্টো হাসান জিহাদীর ওপর হামলা চালানো হয়। পরে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে শহিদুল ইসলাম নিজ বাড়ির আসবাবপত্র এলোমেলো করে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা করেছেন বলে দাবি করেন তারা।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, নির্বাচনের পরবর্তী বিরোধকে কেন্দ্র করে শহিদুল ইসলাম হাসান জিহাদীসহ প্রায় ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। রোববার হাসান জিহাদী আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top