‘রমজানে কোনো ক্যারম খেলা, টিভি দেখা চলবে না’
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৩
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী বাজারে এক চা দোকানিকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। পুলিশ কর্মকর্তা এসআই মসিউল আজম বাজার পরিদর্শনের সময় চা দোকানিকে নির্দেশ দেন, রমজান মাসে “কোনো ক্যারম, কোনো টিভি চলবে না।” এ সময় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা তার পাশে ছিলেন।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মসিউল আজম দোকানির দিকে আঙুল তোলা অবস্থায় বলেন, “ওই যে ক্যারম খেলতেছে, আমি বন্ধ করে দিয়েছি। কেন চলল? আমি আগে বলেছি, তারাবির মাসে কোনো ক্যারম, কোনো টিভি চলবে না।” এরপর ক্যারম বোর্ডের দিকে এগিয়ে যান তিনি। পাশে দাঁড়িয়ে আমির হামজা বলেন, “যাই করবেন, নামাজের সময় যেন এসব না হয়। রমজান মাস, ইবাদতের মাস।”
চা বিক্রেতা রমজান বলেন, “আমার দোকানে মাত্র কয়েকজন বসে টিভি দেখত, কোনো বিশাল অনুষ্ঠান নয়।” স্থানীয় কাশেম মেম্বার মন্তব্য করেন, “হঠাৎ এসব বন্ধ করা ঠিক নয়। তরুণদের বিনোদন-খেলাধুলার প্রয়োজন আছে। তবে টাকা দিয়ে ক্যারম খেলা ভালো না।”
এসআই মসিউল জানান, এটি ইসলামের প্রতি সম্মান প্রদর্শনের অংশ, কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ইবি থানার ওসি মাসুদ রানা বলেন, “ওই কর্মকর্তাকে এমন নির্দেশনা দেওয়া হয়নি।”
কুষ্টিয়া পুলিশ সুপার জসীম উদ্দিনও মন্তব্য করেছেন, “রমজান মাসে চায়ের দোকান খোলা বা বন্ধ মানুষের অনুভূতির ওপর নির্ভর করে, এটি কোনো সরকারি বা পুলিশি নির্দেশনা নয়।”
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।