সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

কালিগঞ্জে র‍্যাব-১৩-এর অভিযানে ২০০ বোতল এস্কাফ জব্দ, আটক ১

লালমনিরহাট প্রতিনিধি : | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২৮

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ বোতল মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) জব্দসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র‌্যাব-১৩)।

র‌্যাব সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে রংপুর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার ৫ নম্বর চন্দ্রপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খামারভাতি গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে খামারভাতি গ্রামের বাসিন্দা মো. হারুন মিয়া (৩৯)–কে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০০ বোতল মাদকদ্রব্য এস্কাফ জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্যও পাওয়া গেছে। তিনি জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে এস্কাফ সংগ্রহ করে কৌশলে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রয় করতেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে জব্দকৃত আলামতসহ তাকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top