গাইড বই কাণ্ডে তোলপাড়, সাংবাদিকের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন
গোপালগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৬৮ নং তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের চাপের মধ্যে নিষিদ্ধ গাইড বই কেনার অভিযোগ তুলে সাংবাদিক ও অভিভাবক নেতা মনিরুজ্জামান শেখ জুয়েল-এর বিরুদ্ধে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের একাংশ শিক্ষক।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শিল্পকলা প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্র জানায়, মনিরুজ্জামান শেখ জুয়েল রোববার বিকেলে ফেসবুকে একটি পোস্ট দেন। এতে তিনি উল্লেখ করেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে লেকচার প্রকাশনীর প্রতিনিধি সহ শিক্ষকরা শিক্ষার্থীদের গাইড বই কিনতে প্ররোচিত করেছেন। পরদিন সাংবাদিক জুয়েল বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিখিতভাবে অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে, যা অভিভাবকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এ বিষয়ে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন,
“আমি বিদ্যালয়ের অভিভাবক-শিক্ষক সমিতির (পিটিএ) সভাপতি হিসেবে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রকাশ করেছি। শিক্ষকতা একটি মহান পেশা। অনিয়ম থাকলে তা তদন্ত হওয়া উচিত। আমার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে, যা মিথ্যা ও অযৌক্তিক।”
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সাংবাদিক জুয়েল শিক্ষকদের হয়রানি করছেন এবং আতঙ্ক সৃষ্টি করছেন।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ সমর্থক মনে করছেন, সাংবাদিক জুয়েল সাহসী ও সৎ সাংবাদিক।
শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়ে গাইডনির্ভর শিক্ষা শিশুদের সৃজনশীলতা হ্রাস করে এবং এটি সরকারি নীতির পরিপন্থী। তাই অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুরক্ষিত রাখার জন্য শিক্ষা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।