লালমনিরহাটসহ উত্তরাঞ্চলে র্যাব-১৩’র পৃথক অভিযানে বিপুল মাদক জব্দ, গ্রেপ্তার ৫
জুবাইর আহমেদ খান রোহান | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬
উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পৃথক অভিযান পরিচালনা করে ৩৪৩ বোতল এস্কাফ ও ফেয়ারডিল সিরাপ, ২০ দশমিক ৭ কেজি গাঁজা এবং একটি প্রাইভেটকার জব্দসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩
র্যাব সূত্র জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ২৪ ফেব্রুয়ারি রাত ১টার দিকে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় অভিযান চালায়। এসময় কাকিনা-মহিপুর সড়কে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩৪১ বোতল এস্কাফ, ৯৯ বোতল ফেয়ারডিল ও ২ বোতল এস্কাফ ডিএক্স জব্দ করা হয়। এ ঘটনায় দিনাজপুরের পার্বতীপুর ও নীলফামারীর সৈয়দপুর এলাকার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার সিংড়া ইউনিয়নের মগলিশপুর এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে একটি মোটরসাইকেলে ঝুলানো ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় নীলফামারীর ডিমলা উপজেলার এক যুবককে আটক করা হয়।
একই দিন বিকেলে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার কয়াগোলাহাট পশ্চিমপাড়া এলাকায় আরেকটি অভিযানে একটি বসতবাড়ি থেকে ১৫ দশমিক ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। তারা অভিনব কৌশলে মাদক পরিবহন ও ব্যবসা পরিচালনা করছিল।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।