কারাগার থেকে বের হওয়ার দেড় ঘণ্টার মধ্যে যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০৯
নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্তির দেড় ঘণ্টার মধ্যে প্রতিপক্ষের হামলায় ৩৯ বছর বয়সী মো. ইমন নামে এক যুবক খুন হয়েছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। তিনি পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।
নিহতের বাবা জানান, তার ছেলে একটি মাদক মামলায় কারাগারে ছিল। সোমবার রাত সাড়ে ৭টার দিকে জামিনে মুক্তি পান। বাড়ির পথে যাওয়ার সময় মোবাইলে একটি ফোন পেয়ে তিনি বের হন। “আমার ছেলের সঙ্গে কয়েকজনের দ্বন্দ্ব ছিল। তারা ওর ফাঁসাইয়া র্যাবের হাতে ধরিয়েছিল। এবার তারা ঢুকিয়ে কোপাইয়া মারছে,” অভিযোগ করেন ওমর খৈয়াম।
নিহতের বাবা আরও জানান, হামলাকারীদের মধ্যে একজনও সোমবার জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
ফতুল্লা থানার ওসি আব্দুল মান্নান বলেন, “ঘটনাস্থলে আমরা আছি, তদন্ত চলছে। পুরোনো দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে খুন করেছে। নিহত যুবক মাত্র দেড় ঘণ্টা আগে জামিনে মুক্তি পেয়েছিলেন। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”
মৃতদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।