বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

এমপি হান্নান মাসউদের ওপর হামলা, এলাকায় উত্তেজনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১১

সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসউদ। এই ঘটনায় তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চলছে। হামলায় আহত হয়েছেন এমপির দুই সমর্থক।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। আহত দুই সমর্থককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এবং এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এমপি হান্নান মাসউদ। প্রকল্প বাজারে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেধে যায়।

এমপি হান্নান মাসউদ বলেন, "আমি প্রকল্প বাজারে পরিদর্শনে এসেছি। এ সময় বেলাল মাঝির নেতৃত্বের চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়ে আহত করেছে। আমি এখানে অবস্থান নিয়েছি। বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি অবস্থান ছাড়ব না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।"

হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান, "আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।"

বর্তমানে উভয় পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নিয়ে আছে, যার ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত বেলাল মাঝির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top