হালিশহরে গ্যাস বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু, একই পরিবারের মৃত ৫
চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ২০:০৭
চট্টগ্রামের চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় সাখাওয়াত হোসেন (৪৯) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই পরিবারের পাঁচজনের প্রাণহানি হলো। দগ্ধ হয়ে চিকিৎসাধীন বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাখাওয়াত হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সাখাওয়াতের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।
এর আগে সোমবার সন্ধ্যায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়ার সময় মারা যান নুরজাহান আক্তার রানী। মঙ্গলবার সকালে তার ছেলে শাওন (১৬), দুপুরে সামির আহমেদ সুমন (৪০) এবং মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে আশুরা আক্তার পাখি (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বর্তমানে চিকিৎসাধীন চারজনের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে। তাদের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত সোমবার ভোরে হালিশহর এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন ছয়তলা ভবন ‘হালিমা মঞ্জিল’-এর তৃতীয় তলার একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের মোট নয়জন দগ্ধ হন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।