বোয়ালমারীতে মুখ ও পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৩৬
ফরিদপুর-এর বোয়ালমারীতে মুখ ও পায়ুপথে মেশিনের বাতাস ঢুকিয়ে সজিব শরীফ (১৪) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিল-এ কাজ করতেন সজিব। তিনি পাশের দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে। মিলটিতে আরও প্রায় ১০০-১২০ জন শ্রমিক কর্মরত রয়েছেন।
অভিযোগ অনুযায়ী, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাড়ি যাওয়ার আগে মেশিন দিয়ে শরীর পরিষ্কার করছিল সজিব। এ সময় বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রামের রজব আলীর পালিত ছেলে রিহাদ শেখ (২৫)সহ দুই-তিনজন শ্রমিক তার মুখ ও পায়ুপথে মেশিনের বাতাস ঢুকিয়ে দেয়। এতে সে অজ্ঞান হয়ে পড়ে।
পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের ভাবি নুরজাহান বলেন, পাঁচ ভাইবোনের মধ্যে সজিব মেজ ছিল। কাজ শেষে শরীরে লেগে থাকা পাটের আঁশ পরিষ্কার করতে গেলে কয়েকজন শ্রমিক তার পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। চিকিৎসকদের বরাতে তিনি জানান, সজিবের খাদ্যনালি ফেটে যায় এবং পেটের ভেতর নাড়িতে ছিদ্র হয়। অস্ত্রোপচারের পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।