বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

গ্রাম রক্ষায় বালুভর্তি নৌকা আটক, পুলিশে দিলেন এলাকাবাসী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলনের ফলে নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এতে বসতবাড়ি, সড়ক ও বাজার হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে ড্রেজার দিয়ে হরিণাপাটি গ্রামের পাশ থেকে বালু উত্তোলনের সময় ক্ষুব্ধ এলাকাবাসী বালুভর্তি একটি নৌকা আটক করেন। পরে নৌকাটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সরেজমিনে দেখা গেছে, নদী থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে নদীর তীর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হরিণাপাটি বাজারসংলগ্ন সড়কের একটি অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নতুন করে আরও কয়েকটি স্থানে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

হরিণাপাটি গ্রামের বাসিন্দা ইব্রাহিম বলেন, “নদীভাঙনের কারণে আমরা ঘরবাড়ি হারিয়েছি। বারবার বলেও কোনো লাভ হয়নি। নিরুপায় হয়ে নিজেরাই নৌকা আটক করেছি।”

একই গ্রামের বাসিন্দা জমির আলী অভিযোগ করে বলেন, “এলাকার প্রভাবশালীরা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছেন। আমরা চাই দ্রুত এসব বন্ধ হোক।”

স্থানীয় ইউপি সদস্য মো. রাসেল মিয়া জানান, গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে অবৈধ বালুভর্তি নৌকাটি আটক করেন। পরে পুলিশকে খবর দিলে নৌকাটি থানায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই বলেন, “নদী থেকে প্রায় প্রতিদিনই অবৈধ ড্রেজিং চলছে। এর ফলে বসতবাড়ি, রাস্তাঘাট ও বাজারসহ বিভিন্ন স্থাপনা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন বলেন, “৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। আটক নৌকাটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top