শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০২
হবিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান বাদী হয়ে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
মামলার পর বিচারক আব্দুল মন্নান মামলাটি আমলে নিয়ে আগামী ৯ মার্চ আদেশের দিন ধার্য করেন। বাদী মাহমুদুল হাসান নিজেকে ছাত্রদল সমর্থক বলে দাবি করেছেন।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. আঙ্গুর আলীসহ কয়েকজন আইনজীবী।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন, বানিয়াচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমসহ মোট ৫৬ জন।
বাদীর আরজিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৪ জুলাই শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের কাছে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আসামিরা নির্বিচারে গুলি চালান। এতে বাদী মাহমুদুল হাসানসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে অভিযোগে বলা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।