তিন দিনেও নিখোঁজ শিশু আরফান ইসলাম আরিয়ান, নদীর পাড়ে মিলল পোশাক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০০:০৮
নেত্রকোনার মদনে তিন দিনেও নিখোঁজ শিশু আরফান ইসলাম আরিয়ানের (৫) কোনো খোঁজ মেলেনি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার কাওয়াল্লী বিন্নী গ্রামে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি।
নিখোঁজ আরিয়ান কেন্দুয়া পৌর সদরের ছকিদারা গ্রামের সানাউল্লাহ মিয়ার একমাত্র ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির নানা বুলবুল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আরিয়ানের মা আয়েশা আক্তার চাকরির কারণে চট্টগ্রামে বসবাস করেন। প্রায় ২০ দিন আগে আরিয়ান নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার বাড়ির আঙিনা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। তিন দিন অতিবাহিত হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শিশুটির নানি শিখা আক্তার জানান, বুধবার তিনি বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে দেখতে পান, পাশে থাকা নাতি আরিয়ান নেই। খোঁজাখুঁজির সময় স্থানীয় একজন জানান, শিশুটিকে মিলন বাজারের দিকে যেতে দেখা গেছে। পরে সেখানে গিয়ে আর তাকে পাওয়া যায়নি। তবে মগড়া নদীর পাড়ে গিয়ে আরিয়ানের পরনের জামা ও প্যান্ট পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মগড়া নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।
শিশুটির মা আয়েশা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি কিছু চাই না, শুধু আমার ছেলেকে জীবিত ফিরে পেতে চাই।”
মদন থানার ওসি হাসনাত জামান জানান, শিশুটির সন্ধানে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।