বন্ধুদের উদ্যোগে অসহায়দের ইফতার বিতরণ
ওয়াসিমুল বারী সিয়াম | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৪০
প্রবাসী বন্ধুদের সহায়তা ও স্থানীয় তরুণদের উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। কেউ নিজের কষ্টার্জিত অর্থ, কেউ বা টিফিনের টাকা বাঁচিয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতার বিতরণের এই উদ্যোগ গ্রহণ করেন।
বরগুনা জেলার আমতলী উপজেলায় মানিকঝুড়ি ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রমজানের মহিমা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়।
শনিবার বিকেলে সংগঠনটির একদল উদ্যমী স্বেচ্ছাসেবক বাড়ি বাড়ি গিয়ে এলাকার ৩০টি অসহায় পরিবারের হাতে ইফতার প্যাকেট তুলে দেন। এ কর্মসূচির উদ্বোধন করেন উপদেষ্টা মো. আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন যুগান্তর-এর স্টাফ রিপোর্টার আবু সালেহ মুসা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইদুর রহমান বিজয়, হেলাল হোসেন, সদস্য সচিব আ. কাদের রেসাত, সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিরাজ আহম্মেদ এবং কোষাধ্যক্ষ মো. রিয়াজ।
ইফতার পেয়ে অনেক শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জানান, “মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। রমজানের এই কষ্টের সময়ে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সার্থকতা। সমাজের সামর্থ্যবানরা পাশে দাঁড়ালে আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করতে পারব।”
উল্লেখ্য, মানিকঝুড়ি ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুধু ইফতার বিতরণেই সীমাবদ্ধ নয়; বরং রক্তদান, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা এবং দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে নিয়মিতভাবে কাজ করে আসছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।