ঈদ সামনে, ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ির পথে যাত্রীরা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১১:১৯
পবিত্র ঈদুল ফিতরের এখনও প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। শনিবার সকালে ঢাকার রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, ট্রেনে করে বাড়ি ফিরতে যাত্রীদের ভিড় জমেছে।
পরিবার-পরিজন নিয়ে কিংবা পরিবারের সদস্যদের আগেই গ্রামের বাড়িতে পাঠাতে সকাল থেকেই স্টেশনে আসছেন অনেকে। কেউ পুরো পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন, আবার কেউ পরিবারের সদস্যদের আগে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ঠিক আগের দিনগুলোতে অতিরিক্ত ভিড় ও সম্ভাব্য ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
উত্তরবঙ্গগামী এক যাত্রী মিরাজ উর রহমান বলেন, তিনি কাউনিয়া স্টেশনে নামবেন। দীর্ঘ পথের যাত্রায় ট্রেন সবচেয়ে আরামদায়ক বলে তিনি মনে করেন। ঈদের সময় বাড়ির টান বেশি অনুভূত হয় বলেও জানান তিনি।
আরেক যাত্রী হুমায়ূন আহমেদ হিমু জানান, ঈদের সময় ভিড় অনেক বেড়ে যায়। তাই তিনি আগেভাগেই মাকে ও ছোট বোনকে নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন। তার কেনাকাটাও ইতোমধ্যে শেষ হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, গত ১৩ মার্চ থেকে ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ট্রেন চলাচল শুরু হয়েছে। স্টেশনে প্রবেশের সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুই দফায় টিকিট পরীক্ষা করা হচ্ছে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
দায়িত্বরত কর্মকর্তারা জানান, ঈদযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে কারও টিকিটের সংখ্যা কম হলে নির্ধারিত ভাড়ায় দাঁড়িয়ে যাওয়ার টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে।
আজ ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৩০টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবে। এসব ট্রেনে মোট আসন রয়েছে ২৮ হাজার ৯২৬টি। এর মধ্যে পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনে ১৬ হাজার ১৯৪টি এবং পশ্চিমাঞ্চলের ১৭টি ট্রেনে ১২ হাজার ৭৩২টি আসন বিক্রি হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।