খুলনায় মাল্টিমিডিয়া সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১০:৫৯

ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ডে পেশাগত দায়িত্ব পালনকালে মাল্টিমিডিয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নিয়ে খুলনায় কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

প্রতিবাদকারীরা জানান, ঈদ যাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাংলা নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার আজবার রাজ, দেশকাল নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার ফাহিম মুনতাসির এবং দেশের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার গোলাম কিবরিয়া হামলার শিকার হন।

তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা কেবল ব্যক্তি বিশেষের ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর হুমকি এবং সত্য প্রকাশের পথে বড় বাধা।

বিবৃতিতে আরও বলা হয়, একটি গণতান্ত্রিক সমাজে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু বারবার এই ধরনের হামলা প্রমাণ করছে, এ ক্ষেত্রে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে।

খুলনার সাংবাদিকরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিবাদকারীদের মধ্যে ছিলেন: এম. সাইফুল ইসলাম (নাগরিক প্রতিদিন), হাফিজুর রহমান (দৈনিক পূর্বাঞ্চল), জাহিদ (খুলনাঞ্চল), মাসুম বিল্লাহ ইমরান (এনপিবি), মোঃ মেহেদী হাসান (নিউজ জি ২৪),  জাকির হোসেন (খুলনা ফেস), তুরান হোসেন রানা (ইনকিলাব), উমামা রাত্রি (ভয়েস অব টাইগার),  তুরান (সারাবাংলা), এসকে বাপ্পি (নিউজ ফ্ল্যাশ), বেলাল হোসেন (নববানী) ও আবু শাহাদাৎ (ভোরের দর্পন)।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top