মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

সড়কের পাশের গাছে প্রাইভেট কারের ধাক্কা, বাবা–ছেলে ও নাতনি নিহত

যশোর প্রতিনিধি | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১৩:০৪

ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার মহাসড়কের পাশে থাকা গাছে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা তিনজন নিহত হয়েছেন। নিহতরা বাবা, ছেলে ও ছেলের মেয়ে। একই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

দুর্ঘটনা ঘটেছে সোমবার দিবাগত রাত তিনটার দিকে যশোর-মাগুরা আঞ্চলিক মহাসড়কের গাইদঘাট এলাকায়।

নিহতরা হলেন মনিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের আবদুল মজিদ সরদার, তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া এবং চার বছরের নাতনি সেহেরিশ। আহতরা হলেন আবদুল মজিদের স্ত্রী মনোয়ারা বেগম, পুত্রবধূ সাবরিনা জাহান এবং নাতি সামিন আলমাস। আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মজিদ সরদার পরিবারসহ চুয়াডাঙ্গার আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে প্রাইভেট কারে ছিলেন। রাত তিনটার দিকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলে বাবা ও ছেলে মারা যান, হাসপাতালে নেওয়ার পথে সেহেরিশের মৃত্যু হয়।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানিয়েছেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার তদন্ত চলছে। পুলিশ ধারণা করছে, চালক ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top