বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

কলার মোচা দেখিয়ে ট্রেন থামানো সেই এনামুলকে পুরস্কৃত করল রেলওয়ে

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৩:০৮

ছবি: সংগৃহীত

রেললাইনের ত্রুটি দেখে সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মো. এনামুল হককে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক, সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ তার হাতে সম্মাননা তুলে দেন। এ উপলক্ষে তার সম্মানে একটি সংবর্ধনাও আয়োজন করা হয়।

রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের বাসিন্দা মো. এনামুল হক গত সোমবার সকাল ৬টা ৫০ মিনিটে বিরামপুর-ফুলবাড়ী স্টেশনের মধ্যবর্তী রেললাইনের জয়েন্টে প্রায় সাত ইঞ্চি ভাঙন দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি লাল সংকেত (কলার মোচা) দেখিয়ে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনকে থামার সংকেত দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, তার তাৎক্ষণিক ও বিচক্ষণ পদক্ষেপ রেল চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ রেলওয়ে তাকে এই পুরস্কার প্রদান করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা, রেলওয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top