বাহরাইনে নিহত প্রবাসী তারেক আলীর দাফন সম্পন্ন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৯:১৯
মধ্যপ্রাচ্যের বাহরাইন-এ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত চট্টগ্রামের সন্দ্বীপের প্রবাসী এস এম তারেক আলী-এর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) চট্টগ্রাম নগরীর ঈদগাহ ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয়।
গত ২ মার্চ সকালে বাহরাইনে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত হন তিনি। এক মাস পর সৌদি আরবের দাম্মাম থেকে গালফ এয়ার-এর একটি ফ্লাইটে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়। পরে ঢাকা হয়ে চট্টগ্রামে নেওয়া হয়।
জানাজায় স্বজন ও স্থানীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর চট্টগ্রাম মহানগর আমির নজরুল ইসলাম।
এ সময় সাঈদ আল নোমান বলেন, নিহত তারেক আলীর পরিবারের পাশে তিনি আছেন এবং থাকবেন। তিনি তারেকের মেয়ের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার কথাও ঘোষণা দেন।
এদিকে এক মাসের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।