নড়াইলে সড়ক দুর্ঘটনা: ট্রাক চাপায় ৫৫ বছরের নারী নিহত
নড়াইল প্রতিনিধি | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৪:০২
নড়াইল সদর উপজেলায় এক নারীর মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১টার দিকে বেনাপোল মহাসড়কের আউড়িয়া ইউনিয়নের টোলঘর এলাকায় ট্রাক চাপায় তছিরন নেছা (৫৫) নিহত হন।
নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী নিউজ ফ্লাশ ৭১-কে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। নিহত তছিরন নেছা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গ্রামের মজিদ শেখের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, তছিরন নেছা খুলনা থেকে আসা একটি যাত্রীবাহী বাস থেকে নামেন এবং রাস্তা পার হওয়ার সময় বেনাপোলগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তছিরন নেছা তার মেয়ের বাড়ি নড়াইলে বেড়াতে এসেছিলেন।
ওসি শেখ সেকেন্দার আলী জানান, ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।