শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ২১:৪০

ছবি: সংগৃহীত

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে নিশাদ ইসলাম (২০) নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে দেবীগঞ্জ উপজেলার হাজিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) সকালে এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়। দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম বাদী হয়ে মামলাটি করেন। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে নিশাদকে কারাগারে পাঠানো হয়।

নিশাদ ইসলাম হাজিপাড়া এলাকার আশরাফুল আলমের ছেলে। তিনি সোনাহার টেকনিক্যাল ও বিএম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নিশাদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্যের ফটোকার্ড শেয়ার করে তাতে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পরে তিনি সেটি মুছে ফেলেন।

এদিকে পোস্টটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মালিক জানান, সামাজিক মাধ্যমে প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টের কারণে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং বিষয়টি যাচাই করতে ওই তরুণকে থানায় নেওয়া হয়। পরে মামলার ভিত্তিতে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গত বুধবার একই ধরনের ঘটনায় শাকিল আহমেদ (২৬) নামের আরেক কলেজছাত্রকে গ্রেফতার করা হয়। তিনি ফেসবুকে নিজের ছবির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি যুক্ত করে আপত্তিকর পোস্ট করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ওরফে সম্রাট বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করলে আদালতের মাধ্যমে তাকেও কারাগারে পাঠানো হয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top