শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

নিজ জেলায় বদলির সুযোগ পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ২১:২৯

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বদলি নিয়ে বড় সুখবর দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন বদলি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে এবং এ প্রক্রিয়া পরিচালনায় একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা-২০২৬’ বিষয়ক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, নতুন এই নীতিমালা কার্যকর হলে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ জেলায় বদলি হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে প্রধান শিক্ষকসহ অন্যান্য পদেও বদলি প্রক্রিয়া চালু করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সফটওয়্যারটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় পর্যালোচনার পর ধাপে ধাপে এটি বাস্তবায়নের দিকে এগোনো হবে।

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, জরুরি প্রয়োজনের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকলে সেখানে বদলির মাধ্যমে দ্রুত জনবল দেওয়া যাবে। নতুন নীতিমালায় কর্মচারী থেকে শিক্ষক সবাইকে একই কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এ লক্ষ্যে একটি সমন্বিত সফটওয়্যার তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top