বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

কুড়িগ্রামে ট্রাক–মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

কুড়িগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৫

ছবি: সংগৃহীত

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারীর বঙ্গসোনাহাট স্থলবন্দর থেকে পাথরবোঝাই একটি ট্রাক কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পথে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় রংপুর থেকে ছেড়ে আসা ভুরুঙ্গামারীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন ভুরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে সাদিয়া (৮), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী (৩০) এবং ধলডাঙ্গা গ্রামের সাইফুর রহমানের ছেলে লিমন (২৮)। নিহত লিমন পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।

ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top