বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু, দুই দিনব্যাপী ভোটগ্রহণ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৩

ছবি: সংগৃহীত

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচন শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টার বিরতির পর বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে। একইভাবে বৃহস্পতিবারও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মোট ২১ হাজার ৭৩১ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। এক ঘণ্টা বিরতি রাখা হয়েছে। বৃহস্পতিবারও একইভাবে ভোট নেওয়া হবে। ভোট শেষে শুক্রবার মেশিনে ভোট গণনা করে এবং সম্পাদকীয় পদগুলোর ব্যালট হাতে গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বিএনপি ও গণ অধিকার পরিষদ সমর্থিত আইনজীবীদের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবং জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ প্যানেল) মুখোমুখি হয়েছে। দুই প্যানেলেই ২৩ জন করে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি স্বতন্ত্র আটজন প্রার্থীও বিভিন্ন পদে লড়ছেন।

নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেলে আরও রয়েছেন সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদকীয় পদসহ বিভিন্ন পদে প্রার্থীরা।

সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেলেও বিভিন্ন পদে একাধিক প্রার্থী রয়েছেন।

এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরা সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা অধিকাংশ পদে জয়ী হন। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পর সমিতির কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয় এবং পরে অ্যাডহক কমিটি গঠন করে নতুন করে নির্বাচন পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top