আটকের ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ০৮:৪৬
কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে ছেড়ে দিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে রাত প্রায় ১২টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা।
এ ঘটনায় দুপুর ১২টা থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে দিনভর বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। একই সঙ্গে প্রতিবাদ জানিয়ে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন বিভিন্ন পরিবহণের চালক ও শ্রমিকরা। এতে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকে। পরে জেলা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায়, শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে রেজাউল কাইয়ুমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। উচ্চ পর্যায়ের নির্দেশে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান দাবি করেন, একটি ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, রাতের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিছু বিষয় যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং বিষয়গুলো আরও খতিয়ে দেখা হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।